শিলচর ভাষা শহীদ স্টেশন অসম বিজেপি সরকার আজ অবধি কোনো প্রস্তাব পাঠায় নি

নয়া ঠাহর শিলচর সংবাদদাতা

'ভাষা শহিদ স্টেশন ' নামকরণের ব্যাপারে সাম্প্রতিক আরটিআই এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত তথ্য বিভ্রান্তিমূলক এবং এটি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব কে আবার প্রকট করল - বিডিএফ।

ভাষা শহিদ স্টেশন নামকরণের ব্যাপারে সম্প্রতি এডভোকেট ধর্মানন্দ দেবের করা এক আরটিআই এর জবাবে রেলমন্ত্রক জানিয়েছে যে এই নিয়ে সরকারি তরফে এযাবৎ কোন আনুষ্ঠানিক প্রস্তাবই পাঠানো হয়নি। পুরো ঘটনাক্রম নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এতদিন ধরে আমরা জেনেছি যে রেলমন্ত্রক এই ব্যাপারে ইতিমধ্যে সবুজ সংকেত জানিয়ে রাজ্য সরকারকে নামের প্রতিলিপি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে পেশ করার নির্দেশ দিয়েছে। কিন্তু সাম্প্রতিক আরটিআই এর জবাবে যে তথ্য পাওয়া যাচ্ছে তাঁতে মনে হচ্ছে এই প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। যদি সরকারি তরফে কোন আনুষ্ঠানিক প্রস্তাব‌‌‌ই না যায় তবে কিসের ভিত্তিতে রেল মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রক এই ব্যাপারে বিবেচনা করবে বা সিদ্ধান্ত নেবে ? তাই পুরো ব্যাপারটাই বিভ্রান্তিমূলক। 

তিনি বলেন যে আমরা দেখেছি কিছুদিন আগে শিলচরের বর্তমান রাজ্যসভা সাংসদ এই নিয়ে সংসদে বক্তব্য রেখেছেন। এর আগে তাঁর প্রয়াত পিতা তথা বরাকের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও এই নিয়ে সংসদে সরব হয়েছিলেন। যদি এরকম কোন আনুষ্ঠানিক প্রস্তাবই পাঠানো না হয়ে থাকে তবে কিসের ভিত্তিতে তাঁরা কেন্দ্রীয় স্তরে এই ব্যাপারে বক্তব্য রাখলেন ? আপাতত যে তথ্য এসেছে তাতে তো বলা হচ্ছে যে রাজ্য সরকার মন্ত্রীসভায় অনুমোদন করে প্রস্তাব পাঠানোর পরই বাকি প্রক্রিয়া শুরু হতে পারে। তাই এই তথ্য অনুযায়ী প্রথম রাজ্যস্তরে এই পদক্ষেপের জন্য চাপ সৃষ্টি করা উচিত ছিল।

জয়দীপ বলেন সাম্প্রতিক এই তথ্য বিষয়টিকে অবশ্যই আরো জটিল করে তুলেছে। তিনি বলেন বরাক বাসীর  এতদিনের এই দাবি নিয়ে এসব বিভ্রান্তি মেনে নেওয়া মোটেই উচিত হবে না। তাই তাঁরা স্থানীয় সাংসদদের অবিলম্বে এই ব্যাপারে স্পষ্টীকরণ দেবার দাবি জানাচ্ছেন। 

জয়দীপ বলেন যে এযাবৎ যেসব সরকার দিশপুরে শাসনক্ষমতায় এসেছেন তাঁরা কেউই এই ব্যাপারে যে গুরুত্ব দেননি সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে তা আবার প্রমানিত হল । বিগত মুখ্যমন্ত্রী শিলচরের বিগত বিধায়ককে এই ব্যাপারে দায়িত্ব দিলেন এও আমরা দেখলাম। কিন্তু যদি আনুষ্ঠানিক প্রস্তাবই পাঠানো না হয়ে থাকে তবে এসব পদক্ষেপের অর্থ কি ? বরাক বাসীর দাবি নিয়ে এইধরনের লুকোচুরি খেলা নিশ্চিতভাবে এই উপত্যকা তথা ভাষা শহিদদের অপমান করা। 

জয়দীপ এদিন বলেন যে অবিলম্বে এই বিভ্রান্তির অবসান হওয়া জরুরি। একই সাথে আগামীতে যারা দিশপুরে সরকার গঠন করবেন তাদের উচিত প্রাথমিকতা দিয়ে এই নামকরনের দাবি কার্যকর করা।
তিনি বলেন আগামী উনিশে মের আগে এই ব্যাপারে নতুন সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত নেবার দাবি জানাচ্ছেন তাঁরা।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর