ভোটে নয়া খেলা অসমে
অসমে দল বদলের রাজনীতি ভারতে নজিরবিহীন
ভোটের মুখে দলবদলের নয়া খেলা অসমে
প্রদীপ দত্তরায়
এ যেন জাতীয় স্তরে ফুটবল দলের দলবদল বা জার্সি বদলের খেলা। এবার রাজনীতিতেও এই ধরনের জার্সি বদলের খেলা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতির ময়দানে রাতারাতি দল বদল করে সেই দলের মনোনয়ন পাওয়া ইতিহাসে নজিরবিহীন হয়ে রইল অসমে। কয়েকজন নেতা আগেভাগেই দলবদল করে এসেছেন তাদের যে ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তাদের দলীয় মনোনয়ন মিলেছে। কিন্তু রাতারাতি দলবদল করে পর দিনই মনোনয়ন পাওয়ার ঘটনা অবাক করে দিয়েছে অনেককেই। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আগের দিন কংগ্রেসের ইস্তফা দেন পরদিন বিজেপিতে যোগ দিয়ে দিশপুর আসনে দলীয় মনোনয়ন পেয়ে যান। এর পাল্টা হিসেবেই যেন চিরকালের বিজেপি নেতা অমর চাঁদ জৈনকে কাটিগড়া থেকে কংগ্রেস প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষনার একদিন আগেই তিনি কংগ্রেস দলে যোগ দেন। যদিও এ নিয়ে আলাপ-আলোচনা কদিন যাবতই চলছিল। দল বদলু রাজনীতির জন্য অনেকে নীতীশ কুমারকে কটাক্ষ করতেন কিন্তু নীতীশ কুমারের জে ডি ইউ দল কেবলমাত্র সুবিধার জন্য কয়েকবার জোট বদল করেছেন মাত্র। নীতীশ নিজে দল ছাড়েননি। অন্য দলেও ভিড়েননি। কিন্তু প্রদ্যুৎ বা অমর চাঁদ যা করলেন তা অবাক করার মতই ঘটনা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস দলছুটদের দলে এনে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। গণতন্ত্র বা সমাজসেবা এখানে কিছুই নয় এখানে দলীয় রাজনীতিটাই প্রধান। বিজেপি বা কংগ্রেস উভয় দলেরই লক্ষ্য এমন কিছু দেখানো যে দেখো আমরাও পারি দলছুকদের দলীয় টিকিট পাইয়ে দিতে। এ ধরনের প্রতিযোগিতায় দল দুটি যেন পিছিয়ে পড়তে চায় না। এমনটাই প্রতিভাত হচ্ছে।
Comments
Post a Comment