কৃষ্ণ নাথ কলেজের অস্থিত্ব বির্সজন দেওয়া হচ্ছে
কৃষ্ণনাথ নামের সংযুক্তি করণ চাই :-
বাংলা,বিহার, উড়িষ্যা তথা এক সময়ের ভারতবর্ষের রাজধানী মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য মন্ডিত কলেজ , কৃষ্ণনাথ কলেজ আজ অবলুপ্ত। ঐ কলেজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আইনসম্মত উপায়েই দখল করে ঐ কলেজ টি তেই তৈরী হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় । ঐ কলেজের একজন প্রাক্তনী হিসেবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ এর মুর্শিদাবাদ চ্যাপ্টারের সদস্য হিসেবে মাননীয় রাজ্যপাল মহোদয় এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়ার কৃপা দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষ্ণনাথ নাম টি কীভাবে যুক্ত করা যায় সেটা পুনর্বিবেচনা করুন । পাশ্চাত্য শিল্পের ধাঁচে তৈরী যা অনেকটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিরূপ শতাধিক বছরের পুরনো সেই কৃষ্ণনাথ কলেজ হেরিটেজের তকমা না পেলেও তা পাওয়ার দাবি অবশ্যই রাখে এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব ছাত্র সমাজ সহ জনগণের।
মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় ছিল না । নূতন বিশ্ববিদ্যালয় গড়ে পিছিয়ে থাকা জেলার শিক্ষার উন্নয়নে সহায়ক হবে ঠিক কথা কিন্তু জেলাবাসী তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কলেজের প্রাক্তনী যাঁরা এই কলেজের অবলুপ্তি কিছুতেই মেনে নিতে পারছেন না । অবলুপ্তি ঘটানোর পর থেকেই বিভিন্ন স্তরে আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলন ক্রমশঃ তীব্র থেকে তীব্রতর হয়েছে । কিন্তু সরকারের সদিচ্ছা না থাকলে সেটা কাকস্য পরিবেদনা বা অরণ্যে রোদন মাত্র।
কলেজ টি বিল্ডিং হেরিটেজ হিসেবে থেকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে যাবে ঠিক কথা কিন্তু রাজা কৃষ্ণনাথ মহাশয়ের সম্পত্তি ভোগ করে কৃষ্ণনাম নাম টি ব্রাত্য হয়ে থেকে যাবে সেটাই জেলাবাসী বা ঐ কলেজ থেকে পাশ করা ছাত্র ছাত্রী রা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না।
রাজনীতির ঊর্ধ্বে উঠে জেলার এবং বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা অসংখ্য কৃতি ছাত্র -ছাত্রীদের দাবি কে মান্যতা দিয়ে প্রয়োজন হলে আইন সংশোধন করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষ্ণনাথ নাম টি অন্তত যুক্ত করে কলেজের হৃত গৌরব ফিরিয়ে দেন ।
০৬/১২/২০২৫ শ্রী সঞ্জয় কুমার মিশ্র
Comments
Post a Comment