ত্রিপুরা তে আর্ন্তজাতিক বাংলা ভাষা পরিষদ সম্মেলন
বিপ্লব বৈদ্য, উদয়পুর, ২৭ নভেম্বর : ত্রিপুরার প্রাচীন রাজধানী একদা রাঙামাটি বর্তমান উদয়পুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন। বাংলা ভাষা ও সংস্কৃতির আন্তর্জাতিক সংযোগকে আরও সুদৃঢ় করে নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আরও বেশি দায়বদ্ধ করে গড়ে তুলে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা, সাহিত্য -সংস্কৃতির বিকাশ, গবেষণাকর্মে উৎসাহ প্রদান, ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী বাঙালিদের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার সংকল্প নিয়ে শনিবার থেকে শুরু হয় দুইদিনের সম্মেলন।
সংগঠনের পশ্চিমবাংলার কলকাতা, নদীয়া সহ বিভিন্ন জেলা, ঢাকা ও ত্রিপুরার উদয়পুর, আগরতলা ও বিলোনিয়ার ১৭ টি শাখার ১৮১ জন প্রতিনিধি যোগ দেন সরোবর নগরী উদয়পুরের এই সম্মেলনে। সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।ভারতের মানভূম অঞ্চলের ভাষা আন্দোলনের কিংবদন্তি সত্যাগ্রহী কাজল সেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার প্রমুখও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ - সভাপতি সুজিত বন্দ্যোপাধ্যায়ের পৌরাহিত্যে দুই দিনব্যাপী সম্মেলনে আলোচনায় অংশ নেন
আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র মন্ডল,সহ - সম্পাদক প্রবীণ সাংবাদিক স্বপন ভট্টাচার্য,পশ্চিমবাংলার নরেন্দ্রপুর শাখার সভাপতি সাংবাদিক লালন গবেষক বরুণ চক্রবর্তী ও সম্পাদক সাধন কুমার মন্ডল, সাহিত্যিক তড়িৎ চক্রবর্তী, রবীন্দ্র সংগীত শিল্পী ঝিমলি চক্রবর্তী এবং বাংলাদেশের দেশের কন্ঠ পত্রিকার উপদেশক সম্পাদক নাসির আহমেদ প্রমুখ। সম্মেলনে ১৭ টি শাখার সদস্যরাই অংশগ্রহন করেন কবিতা পাঠ,সংগীত ও নৃত্যানুষ্ঠানে। চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন পশ্চিমবাংলার বীরভূম জেলার নলহাটিতে অনুষ্ঠিত হওয়ার ঘোষনার মাধ্যমে রবিবার শেষ হয় দুইদিনের সম্মেলন। প্রসঙ্গত, বাংলা ভাষার মহান ঐতিহ্যকে বিশ্বমঞ্চে সমুন্নত রাখতে, ভাষার মর্যাদা সংরক্ষণ করতে এবং বাংলা সাহিত্য–সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত করতে ২০২২ সালের ২৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এই সংগঠন৷
প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই এই সংগঠন বাংলা ভাষাপ্রেমীদের এক বৈশ্বিক মিলনমঞ্চে পরিণত হয়েছে।
পরিষদের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ঐতিহ্যবাহী শহর কল্যাণীতে অবস্থিত। এখান থেকেই বিশ্বব্যাপী সব শাখার কার্যক্রম পরিচালিত হয় এবং কেন্দ্রীয় পর্যায়ের সাংস্কৃতিক ও গবেষণামূলক পরিকল্পনা তৈরি করা হয়।সংগঠনের নেতৃত্বে রয়েছেন বাংলা ভাষা, সাংবাদিকতা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা। বাংলাদেশের খ্যাতনামা তথ্যচিত্র নির্মাতা, লেখক ও সাংবাদিক মাসুদ করিমের নেতৃত্ব পরিষদকে আন্তর্জাতিক পরিচয়ে সমৃদ্ধ করেছে।
Comments
Post a Comment