আমরা সবাই দৌড়াচ্ছি অবসর নেই

📍⭕ অতৃপ্তির দৌড়ে ক্লান্ত মানবতা

মানুষ এখন দৌড়াচ্ছে ছুটতে চায় না, তবুও ছুটছে। এই দৌড়ের শেষ নেই, গন্তব্যও নেই। শান্তি নেই, স্বস্তি নেই আছে শুধু চাহিদা, লোভ আর অস্থিরতা। অভিযোগ, অপ্রাপ্তি আর আফসোসে চারদিক ভরে গেছে। অন্যের সুখ দেখে নিজের অস্থিরতা বাড়ে, তুলনায় জ্বলে ওঠে প্রতিযোগিতার আগুন। অমুকের আছে আমারও লাগবে। তমুক কিনেছে আমাকেও নিতে হবে। এই হাহাকারই এখন জীবনের ছন্দ।

শৈশব থেকেই আমরা প্রতিযোগিতার পাঠ শিখি
“ওর চেয়ে ভালো রেজাল্ট করতে হবে”,
“ওর চেয়ে বেশি অর্জন করতে হবে।”
কিন্তু কেউ শেখায় না “ওর চেয়ে ভালো মানুষ হতে হবে।”
এভাবেই শুরু হয় এক আজীবন দৌড়,
যার শেষ স্টেশন কেবল কবরের মাটি।

আমরা যা পেয়েছি, তাতে চলার মতোই ছিলাম তবু আরও চাই। প্রতিবেশী বা সহকর্মীর প্রাপ্তি আমাদের শান্তি কেড়ে নেয়। কারও বাড়ি হলে আমাদেরও লাগবে, কেউ গাড়ি কিনলে আমাদেরও চাই। সেই অতৃপ্ত চাওয়ার ভারেই নষ্ট হয়ে যায় নীতি, হারিয়ে যায় বিবেক।
বুদ্ধি থাকে, কিন্তু বোধ হারিয়ে যায়।

অতিরিক্ত চাহিদা মানুষকে ক্রমে গ্রাস করে।
শরীর, মস্তিষ্ক, এমনকি আত্মাও বিকিয়ে দেয় সে সামান্য প্রাপ্তির আশায়।
ঘুম আসে না, মন ক্লান্ত, অথচ থামতে পারে না।
বাড়ি-গাড়ি-জমি-টাকায় মগ্ন থেকে ভুলে যায়,
পাশে বসা সন্তানের হাসিও একদিন হারিয়ে যায়।
প্রিয়জনের অনুভবকে বলি দিয়ে, মানুষ ঠকানোর দোকান খুলে বসে সবাই।

চাই আর চাই এই তৃষ্ণা শেষ হয় না।
প্রয়োজন নাই তবুও কেনাকাটা, বাহুল্য আর ভোগের প্রদর্শনী।
শখের নামে অহংকার, ভোগের নামে অসুস্থতা।
মানবিকতা হারিয়ে গেছে তুলনার দৌড়ে;
সহমর্মিতা হারিয়েছে বাজারের দর।
এই ভোগের মানসিকতা মানুষকে আজ মানসিকভাবে বিকলাঙ্গ করে ফেলেছে।

আজ মানুষ অন্যের পতনে আনন্দ পায়, অন্যের ক্ষতিতে তৃপ্ত হয়।
নিজে না পেলে কেউ যেন না পায় এই মনোভাবই এখন নতুন সভ্যতার রূপ।
অন্যের সুখে ঈর্ষা, নিজের ব্যর্থতায় ক্ষোভ, আর সর্বত্র এক অসুস্থ প্রতিযোগিতা।
যেখানে ন্যায়-অন্যায়, ধর্ম-ধারণা সব মিশে গেছে লোভের ধোঁয়ায়।

যখন চাহিদা সামর্থ্যকে ছাড়িয়ে যায়,
স্বপ্ন যোগ্যতাকে ছাপিয়ে যায়,
তখনই মানুষ বিপথগামী হয়।
এই বিপথেই জন্ম নেয় অপরাধ, প্রতারণা, আর মানবতার অবমাননা।
যেখানে লোভ ধর্মকে পেছনে ফেলে,
সেখানে মানুষ পশুত্বকেও হার মানায়।

অসুস্থ প্রতিযোগিতার এই খেলায় জয়ী কেউ হয় না
হারে সবাই।
হারায় আত্মা, হারায় শান্তি, হারায় মানুষ হয়ে ওঠার গৌরব।
যে একবার লোভের স্রোতে ডুব দেয়,
সে সারাজীবন অনুশোচনার কাদায় হাতড়ায়।
মানসিক অবক্ষয় একবার শুরু হলে ফিরে আসার পথও মুছে যায়।

জীবনের সীমানা সীমিত।
সেই সীমিত পরিসরেই সুখের নিশ্চয়তা লুকিয়ে আছে।
কিন্তু আমরা চাই সীমাহীন প্রাপ্তি, সীমাহীন ভোগ।
ফলে মানুষ গুচ্ছ গুচ্ছ মানসিক রোগে আক্রান্ত,
যে যত পায়, সে তত চায়।
থামতে জানে না, থেমে ভাবতেও চায় না।

লোভের এই অন্ধ দৌড়ে শেষ দৃশ্য একটাই
মানুষ নিজেরই সৃষ্ট আগুনে পুড়ে যায়।
শেষ মুহূর্তে এসে বুঝতে পারে,
যা জড়ো করেছিল এতদিন ধরে,
তা কোনোদিনও শান্তি এনে দেয়নি
বরং কেড়ে নিয়েছে জীবনের আলো।

লোভ, অতৃপ্তি আর তুলনার এই দৌড়ই আজ মানবতাকে ক্লান্ত করে ফেলেছে।
আর এই ক্লান্তি থেকেই জন্ম নিচ্ছে এক ভয়ানক নিঃসঙ্গতা
যেখানে মানুষ আছে, কিন্তু মন নেই;
সম্পদ আছে, কিন্তু শান্তি নেই;
জীবন আছে, কিন্তু জীবন নেই।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর