এস বি আই কান্দি ব্রাঞ্চে সচেতনতা সভা
সচেতনতা শিবির :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র, কান্দি, মুর্শিদাবাদ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কান্দি শাখার উদ্যোগে এক অভিনব প্রয়াস দেখা গেল । কান্দিতে বসবাসকারী যে সমস্ত বরিষ্ঠ নাগরিক চাকরি থেকে রিটায়ার করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কান্দি শাখা থেকে পেনসন পান মূলতঃ তাঁদের কে নিয়ে এবং তাঁদের কে সচেতন করতেই এই শিবিরের আয়োজন । ডিজিটাল যুগে বরিষ্ঠ নাগরিক দের মধ্যে অনেকে নেটিজেন এ পরিণত হলেও হ্যাকারদের অভিনব কায়দায় তাঁরাও বিপথগামী হয়ে সর্বস্ব অর্থ খুইয়ে ফেলেন ।
সাইবার অপরাধ, পেনশনার দের জন্য কী কী সুবিধা ব্যাঙ্ক থেকে পাওয়া যায় , পেনশনার দের মনে জমে থাকা বিভিন্ন ক্ষোভ এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য ১৭ ই অক্টোবর বিকেলে ব্যাঙ্ক শাখার ভিতরেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল । নির্ধারিত আলোচ্য বিষয়ের পর পেনশনার দের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল।
আলোচনায় অংশগ্রহণ করেন কান্দি শাখার শাখা প্রবন্ধক মহাশয় সহ বহরমপুর থেকে আগত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওন ওয়ান এর রিজিওয়ানাল ম্যানেজার মহাশয় । বিভিন্ন রকম আলোচনা ও পরামর্শ দেওয়ার পর ঐ শাখার গ্রাহক তথা পেনশনার দের কাছ থেকে নানা রকম তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনা হয় এবং সমাধানের পথ বাতলে দেওয়া হয় ।
উভয় তরফ থেকে মনোজ্ঞ আলোচনার পর কান্দির স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ এস এন সাহা মহাশয় আগ্রহী পেনশনার দের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁদের শারীরিক সমস্যার কথা শুনে সুপরামর্শ দেন । সকলে সময়মতো খবর না পেলেও প্রায় পঞ্চাশ জন ঐ শিবিরে হাজির হয়েছিলেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , কান্দি শাখার এই অভিনব উদ্যোগে উপস্থিত পেনশনার গণ যারপরনাই খুশি হয়েছেন।
Comments
Post a Comment