মুর্শিদাবাদে নবি দিবস উদযাপন
নবি দিবস
নবি দিবস পালিত হল মুর্শিদাবাদ জুড়ে।
কোথাও আলোচনাসভা, কোথাও শোভাযাত্রা বেরিয়েছে, কোথাওবা পথচলতিদের জলের বোতল, গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ দিন সকালে বহরমপুরে নবি দিবস উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল। ইমাম মুয়াজ্জিনদের সংগঠন অব বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বহরমপুর মোহনা বাস টার্মিনাস চত্বরে নবি দিবস উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ কর্মীদের হাতে জলের বোতল, গোলাপ ফুল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া পথচলতি মানুষের হাতেও জল ও খাবার তুলে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস-সহ অনেকেই। আয়োজকদের বক্তব্য, মানব সেবাই আসল ধর্ম, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পথেই নবির শিক্ষা। নবি দিবস উপলক্ষে শুক্রবার সকালে টোটো রালির আয়োজন করেছিল হরিহরপাড়ার মসুরডাঙা আরাবিয়া মাদ্রাসা। শতাধিক টোটোয় চেপে মাদ্রাসার পড়ুয়ারা বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিভিন্ন ধরনের সামাজিক বিষয়ে বার্তা দেন। অন্যদিকে হরিহরপাড়া তাজপুর গ্ৰামে মসজিদ কমিটির উদ্যোগে শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রা শেষে সেখানে একটি সভায় আয়োজন করা হয়েছিল। নবি দিবস উপলক্ষে এ দিন হরিহরপাড়া প্রদীপডাঙা, নওদার ডাঙ্গাপাড়া, মধুপুর, মহম্মদপুর-সহ বিভিন্ন জায়গায় এ দিন শোভাযাত্রা বেরিয়েছিল।
Comments
Post a Comment