মুর্শিদাবাদ থেকে মিজোরাম ,সমতল থেকে উত্তর পূর্বের পাহাড় ছুঁইয়ে ৩১ ঘণ্টার ট্রেন সফর

পুজোর আগেই সরাসরি মুর্শিদাবাদ থেকে মিজোরাম ট্রেন , নশিপুর সেতু দিয়ে ছুটবে কলকাতা-সাইরাং এক্সপ্রেস

দেবকিশোর চক্রবর্তী । গুয়াহাটি 

পুজোর আগেই পর্যটকদের জন্য সুখবর । এবার  মুর্শিদাবাদ থেকে  মিজোরাম সরাসরি জুড়ে যাচ্ছে রেলের মাধ্যমে। নশিপুর- আজিমগঞ্জ রেলসেতুর উপর দিয়ে ছুটবে দূরপাল্লার ট্রেন। এর ফলে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন হতে চলেছে। এই ট্রেন যাবে মিজ়োরামের সাইরাং পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামে বহু প্রতীক্ষিত বৈরাবি-সাইরাং রেলপথ প্রকল্পের উদ্বোধন করেছেন। ৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে। এই রেলপথ প্রকল্পটি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক কাঠামো উন্নত করবে।
এই  ট্রেনটির সুবাদে এই প্রথম রেলপথে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ ও মিজ়োরাম। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতা থেকে সাইরাং এবং ১৮ তারিখ সাইরাং থেকে কলকাতা পর্যন্ত ২টি ট্রেন যাত্রা শুরু করবে। আজ ১৩ সেপ্টেম্বর, শনিবার ট্রেনটি মিজোরামের সাইরাং স্টেশন থেকে উদ্বোধনী যাত্রা শুরু করবে। এই রেল যাত্রার মধ্য দিয়ে মিজোরামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। রেল মন্ত্রক সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, কলকাতা স্টেশন থেকে বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে নশিপুর-আজিমগঞ্জ রেলব্রিজ দিয়ে  এবার ছুটবে দূরপাল্লার কলকাতা-সাইরাং এক্সপ্রেস। রেলসেতুর উপর দিয়ে আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে মালদহ পৌঁছবে ট্রেনটি। সেখান থেকে রওনা দেবে মিজোরামের সাইরাং স্টেশনের উদ্দেশে।ট্রেনটির বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হলে সপ্তাহের প্রতি মঙ্গলবার, বুধবার ও শনিবার কলকাতা থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পরদিন রাত ৭টা ৪৫ মিনিটে সাইরাং পৌঁছবে। প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার সাইরাং থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পরদিন দুপুর ২ টো ৩০ নাগাদ কলকাতা স্টেশন পৌঁছবে। আগামী শনিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মিজোরামের বৈরবী স্টেশন থেকে সকাল ১০টার সময় ট্রেনটির উদ্বোধনী যাত্রা শুরু হবে। পরদিন রবিবার দুপুর ১২টা ২৮ মিনিটে আজিমগঞ্জ, ১২টা ৪৫ মিনিটে মুর্শিদাবাদ, ১টা ৫ মিনিটে বহরমপুর স্টেশন পৌঁছনোর কথা রয়েছে। মোট ১ হাজার ৫১২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কলকাতা স্টেশনে রবিবার বিকেল ৫টার সময় ট্রেনটির উদ্বোধনী যাত্রা সম্পন্ন হবে। 

এই খবর জানাজানি হতেই আপামর জেলাবাসীর মধ্যে খুশির হাওয়া। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, 'আপাতত উদ্বোধনী যাত্রা হচ্ছে।  বাণিজ্যিক যাত্রার বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।'
  মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, আগে হামসফর এক্সপ্রেস দেওয়া হয়েছে। এবার জেলাবাসীকে পুজোর উপহার হিসেবে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দেওয়া হল। 
বহরমপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিম ধর বলেন, বহরমপুর থেকে সরাসরি উত্তর ভারত যাওয়ার ট্রেন নেই। ফলে শিয়ালদহ বা হাওড়ায় গিয়ে ট্রেনে চাপতে হয়। ফলে কলকাতা বা হাওড়ায় পৌঁছনোর জন্য অতিরিক্ত ৬ ঘণ্টা ট্রেন যাত্রার ধকল নিতে হয়। কলকাতা-সাইরাং এক্সপ্রেস চালু হলে বহরমপুর থেকেই ট্রেনে চাপতে পারব। স্বাভাবিকভাবেই জেলাবাসী উপকৃত হবে। 
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, এই ট্রেন চালু হওয়ার ফলে জেলায় উত্তর ভারতের পর্যটকদের আনাগোনা যেমন শুরু হবে, তেমনই বাণিজ্য ক্ষেত্রেও বিরাট পরিবর্তন ঘটবে।
জেলার এক পর্যটন ব্যবসায়ী বলেন, রেলপথে মুর্শিদাবাদ সরাসরি উত্তর ভারতের সঙ্গে জুড়ে গেলে সংশ্লিষ্ট রাজ্যের পর্যটকদের কলকাতা হয়ে ঘুরপথে মুর্শিদাবাদে আসতে হবে না। উত্তর ভারত থেকে সরাসরি নবাব নগরীতে পৌঁছতে পারবেন। মুর্শিদাবাদ জেলা রেলযাত্রী ফোরামের সম্পাদক আজমল হক বলেন, নশিপুর-আজিমগঞ্জ রেলসেতু চালু হলেও এতদিন কোনও দূরপাল্লার ট্রেন চলত না। রেল মন্ত্রক এবার দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জেলাবাসী উপকৃত হবে।আবহাওয়া খারাপ থাকায়  প্রধানমন্ত্রী বিমান আজ নামতে পারেনি।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর