নয়া ঠাহর পত্রিকার ২৩ তম শারদ সংখ্যা প্রকাশ
নয়া ঠাহর পত্রিকার ২৩ তম শারদীয়া সংখ্যা প্রকাশিত :-
সঞ্জয় কুমার মিশ্র,কান্দি, মুর্শিদাবাদ
গুয়াহাটি, কোলকাতা, কান্দি থেকে একযোগে প্রকাশিত রেজিস্টারড্ অনলাইন দৈনিক নিউজ পোর্টাল নয়া ঠাহর পত্রিকার ২৩ তম শারদীয়া সংখ্যা প্রকাশিত হলো কান্দি রাজবাড়ি সংলগ্ন জীবধর পাড়ায় অবস্থিত সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের সভাগৃহে ।
নয়া ঠাহর পত্রিকার মুখ্য সম্পাদক তথা আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় অমল কুমার গুপ্ত মহাশয় ও অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মুর্শিদাবাদ জেলার বরিষ্ঠ কবি, সাহিত্যিক ও নাট্যকার মাননীয় বীরেশ্বর সরকার মহাশয় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন । তারপর স্কুলের শিক্ষক -শিক্ষিকা দের দ্বারা সরস্বতী বন্দনা করা হয় । উপস্থিত গুণীজন রা দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সমবেতভাবে বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন করেন ।
উপস্থিত গুণীজন দের কপালে চন্দনের টিপ দিয়ে, উত্তরীয় পরিয়ে এবং একটি গোলাপ ফুল দিয়ে বরণ করা হয় । এর পর নয়া ঠাহর পত্রিকার মুখ্য সম্পাদক মাননীয় অমল কুমার গুপ্ত মহাশয় স্বাগত ভাষণ দেন তারপর অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব অর্পণ করেন অবসরপ্রাপ্ত জেলা মৎস্য আধিকারিক মাননীয় শ্রী সঞ্জয় কুমার মিশ্র মহাশয় কে যিনি এই পত্রিকা প্রকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত । তিনি দেশের বীর সেনানী বর্তমানে জেল রোডের বাসিন্দা মাননীয় প্রাণ কৃষ্ণ ঘোষ মহাশয় কে উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং সম্মান জ্ঞাপন করেন। প্রাণ কৃষ্ণ ঘোষ মহাশয়ের কণিষ্ঠা কন্যা তথা শিশু শিল্পী নেহা ঘোষ চিত্তাকর্ষক সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে গুণীজনদের মন কেড়ে নেয় ।
অসমের বরপেটা কেন্দ্রের কিঞ্চিত এন জি ও র মুর্শিদাবাদ চ্যাপ্টারের সভাপতি মাননীয় অরবিন্দ সরকার, ছাতিনাকান্দি এলাকার কান্দির বিশিষ্ট কবি, নাট্যকার ও সমাজসেবী মাননীয় শ্যামল সরকার, কান্দির বাগডাঙ্গা এলাকার বিশিষ্ট ইতিহাসবিদ মাননীয় কুণাল কান্তি সিংহ , মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া গ্রাম নিবাসী বিশিষ্ট মৃৎশিল্পী মাননীয় সাধন পাল , কান্দি কোর্টের বরিষ্ঠ আইনজীবী মাননীয় অরুণ কুমার মিশ্র, অভয়া পত্রিকার সম্পাদিকা মাননীয়া কেয়া রায় মুখার্জি, সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য্য মাননীয় সেন্টু চন্দ্র দাস মহাশয় প্রমুখ রা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন । কান্দির বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয়া পিয়াসী ঘোষ মহাশয়া আগমনীর রবীন্দ্র সঙ্গীত গেয়ে অনুষ্ঠান টিকে আকর্ষণীয় করে তোলেন।
গুণীজনদের বক্তব্যের মাঝখানে নয়া ঠাহর শারদীয়া ২৩ তম সংখ্যার আবরণ উন্মোচন করেন কান্দির ভূমিপুত্র তথা মুর্শিদাবাদ জেলার বরিষ্ঠ কবি, সাহিত্যিক, নাট্যকার এবং ক্রীড়া প্রশিক্ষক মাননীয় বীরেশ্বর সরকার মহাশয় তারপরেই তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে কান্দির বিভিন্ন দিক এবং গুপ্ত পরিবারের কথা তুলে ধরেন । বিগত বাইশ বছরের মতো এবছরেও ২৩ তম শারদীয়া সংখ্যার প্রচ্ছদ পৃষ্ঠা অঙ্কন করেছেন দিল্লি কেন্দ্রীক জাতীয় পর্যায়ের শিল্পী তথা নয়া ঠাহর এর মুখ্য সম্পাদক মাননীয় অমল গুপ্ত মহাশয়ের কনিষ্ঠ ভ্রাতা শ্রী অরূপ গুপ্ত মহাশয়।
অনুষ্ঠানের শেষ লগ্নে দেবী পক্ষের সূচনার জন্য উপস্থিত মহিলা সদস্য গণ সমবেতভাবে দুর্গা বন্দনা গেয়ে শোনান।
উপস্থিত গুণীজনদের এবং সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষ কে ধন্যবাদ জ্ঞাপন করে ঘন্টা দুয়েকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments
Post a Comment