বাঙালিদের মাতৃ ভাষায় নাম নথিভুক্ত করার আহবান বিডিএফের
কারো বক্তব্য বা প্ররোচনায় প্রভাবিত না হয়ে জনগননায় রাজ্যের প্রতিজন নাগরিককে নির্ভয়ে নিজের প্রকৃত মাতৃভাষা নথিভুক্ত করার আহ্বান জানাল বিডিএফ।
সারা দেশের সাথে আসামেও জনগননার কাজ শুরু হয়েছে। আগামীতে গননাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এমতাবস্থায় রাজ্যের প্রতিজন নাগরিককে নির্ভয়ে নিজের প্রকৃত মাতৃভাষা নথিভুক্ত করার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আসন্ন জনগননায় বরাকের বাসিন্দা ও জনজাতিদের নিজস্ব মাতৃভাষা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তাঁর এই বক্তব্য অবশ্যই সাধুবাদ যোগ্য এবং বিডিএফ এর পক্ষ থেকে তাঁরা এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন।
জয়দীপ এদিন বলেন যে জনগননা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে দেশের জনগনের আর্থিক, সামাজিক,ভাষিক ও জাতিগত বৈশিষ্ট্যের তথ্যভান্ডার তৈরি করা হয়।জনগননার তথ্য অনুযায়ী সরকারি সমস্ত ভবিষ্যত স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারিত হয়। তাই জনগননায় নাগরিকরা কি তথ্য নথিভুক্ত করছেন তার উপর আগামীতে তাঁদের জন্য প্রযোজ্য প্রশাসনিক পরিকল্পনা,আর্থ সামাজিক উন্নয়ন, ভাষাগত নীতি, রাজনৈতিক প্রতিনিধিত্ব ইত্যাদি প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। এইজন্যই প্রতিজন নাগরিকের দায়িত্ব রয়েছে জনগননায় প্রকৃত সত্য তথ্য জানানো।
বিডিএফ আহ্বায়ক এদিন আরো বলেন যে মাতৃভাষা শুধু মুখের ভাষা নয়,এটি একজন ব্যাক্তি এবং তাঁর গোষ্ঠীর ঐতিহাসিক, সামাজিক এবং সাংস্কৃতিক গৌরবের পরিচায়ক। এটি তাঁর আত্মপরিচিতি এবং আত্মসম্মানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই কোন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, কোন নেতা বা প্রভাবশালী ব্যাক্তির প্ররোচনায় জনগননায় নিজের প্রকৃত মাতৃভাষার বদলে অন্য ভাষা নথিভুক্ত করলে এর সুদুরপ্রসারী কুফল ভোগ করতে হবে নিজেদের এবং আগামী প্রজন্মকে।তাই এই ব্যাপারে কোন আপস করা একেবারেই অনুচিত। তাছাড়া সেন্সাস এক্ট, ১৯৪৮ অনুযায়ী,জনগনকে ভুল তথ্য নথিভুক্ত করতে প্রভাবিত করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃত।
জয়দীপ এদিন বলেন যে নাগরিকদের নিজের প্রকৃত মাতৃভাষা উল্লেখের পাশাপাশি,অন্য যে সব ভাষা জানা রয়েছে সে সম্পর্কেও সত্য তথ্য পেশ করা জরুরি। একই ভাবে সত্য তথ্য জানানোর পাশাপাশি তা গননাকারী দ্বারা সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা, কোন উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি বা ভুল তথ্য নথিভুক্ত হচ্ছে কিনা তা যাচাই করাও প্রতিজন নাগরিকের অবশ্যকর্তব্য। কারণ এধরনের ঘটনা ঘটলে আইনি হস্তক্ষেপের প্রতিবিধান রয়েছে।
বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।
Comments
Post a Comment