আলো আঁধারির মাঝে শুধুই খুঁজে বেড়াই
'তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে।'
কে সে? একটাই উত্তর, সে 'মনের মানুষ।' কোথায় থাকে সে? অমোঘ উত্তর, এই ভুবন জুড়ে তার বাস, এমন কী আমার মধ্যেও। হ্যাঁ, সেই মন মজানো মনের মানুষের সন্ধান বড় কঠিন সাধনা। সেই সাধনার জন্য যে নিখাদ মন দরকার, তা আমার নেই। তবু তোকে পেয়েছিলাম জীবনের মোহনায়, ঈশ্বরী আমার। তবে সে পাওয়া ক্ষণিকের, সে পাওয়া আমাকে ফের তোর সন্ধানে পথিক করেছে। এই আলোআঁধারি মন নিয়েই তোকে খুঁজে বেড়াই। এই ভুবনের বিচিত্র রূপের মধ্যে তোকে খুঁজে বেড়াই। এই পাহাড়, নদী, অরণ্য, মাটি সব কিছুর মধ্যে ছেয়ে আছিস তুই। আমার প্রতিটি ভালোলাগার মধ্যে, প্রতিটি অশ্রুকণার মধ্যে তোর অবস্থান। পরিচিত মুখ থেকে অচেনা অজানা হাটুরে মানুষের মধ্যে তোকে খুঁজি। পরম ভক্ত থেকে চরম নাস্তিক, সবার মধ্যে ছড়িয়ে আছিস তুই৷ কী আশ্চর্য তোর শক্তি! এই একের মধ্যে ধরা দিস, পর মুহূর্তেই হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়িস। এই বোষ্টুমি হয়ে একতারা হাতে বৃক্ষতলে বসে গান ধরিস, পর মুহূর্তেই লক্ষ জনতার বজ্রনির্ঘোষ হয়ে উঠিস৷ তোর এই ভুবন জোড়া রূপে আমি সমাহিত হই, আবার দিশাহারাও হই। আমার মধ্যে থেকে আমিই যেন গেয়ে উঠি, 'আমি কোথায় পাবো তারে / আমার মনের মানুষ যে রে।' ঈশ্বরী, নন্দিত মোহনা আমার, এই যে তোকে প্রতি মুহূর্তে পেয়ে প্রতি মুহূর্তে হারাই, তার জন্যই এখনও বেঁচে আছি। বেকুবের মত পরম প্রেয়কে পেয়ে গেলে তো পথের অন্ত। না, সে প্রাপ্তি আমার কাম্য নয়, খুঁজে বেড়ানোর জীবন বড় রোমাঞ্চময়।
******************************
সুপ্রভাত। সঙ্গের ছবিটি পাঁচ বছর আগে উত্তরবঙ্গের গরুবাথানের কাছে চেল নদীর তীরে তোলা।
Comments
Post a Comment