বরাকের সমস্যা সমাধানের আহ্বান বি ডি ফের
নয়া ঠাহর, সংবাদদাতা
বরাকের নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে উপত্যকার সমস্যাসমূহ সমাধানে উদ্যোগী হবার আহ্বান জানাল বিডিএফ।
আসামের নতুন মন্ত্রীসভায় বরাক উপত্যকা থেকে স্থান পেয়েছেন বিধায়ক কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। এরজন্য উভয়কে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি বরাক উপত্যকার মূল সমস্যাসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানে উদ্যোগী হতে তাঁদের প্রতি আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কোন বাঙালিকে বা ঐতিহ্যবাহী শিলচর শহরের বিধায়ককে মন্ত্রীসভায় ঠাই না দেওয়া নিয়ে হয়তো কিছুটা বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে এসবকে ভুলে গিয়ে আপাতত বরাকের উন্নয়নে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে বা হবে তাকে প্রাধান্য দেওয়া জরুরি।
জয়দীপ বলেন যে উপত্যকায় সাম্প্রতিক জমাজলের জন্য কৃত্রিম বন্যা এবং রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে জনগনের ভোগান্তি চরমে উঠেছে। কাজেই এই দুই ব্যাপারে অবিলম্বে উদ্যোগী হতে হবে বরাক উপত্যকা থেকে নির্বাচিত মন্ত্রীদের। তিনি বলেন যে শিলচর এবং করিমগঞ্জ শহরের নিকাশি খালের সংস্কার নিয়ে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে সরকার এবং প্রশাসন। এই কাজ যাতে সুষ্ঠুভাবে, যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হয়,সেই ব্যাপার তদারক করার গুরুদায়িত্ব রয়েছে এই উপত্যকার মন্ত্রী তথা নির্বাচিত বিধায়কদের। তিনি আরো বলেন যে বিগত দিনে নির্দেশিত নিয়মনীতি না মেনে যেভাবে জোড়াতালি দিয়ে রাস্তার কাজ হয়েছে তার ফলভোগ করতে হচ্ছে জনগনকে। বিশেষতঃ শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিক্যাল কলেজ অব্দি রাস্তার যে অবস্থা হয়েছে তাতে সাধারন যাত্রী থেকে শুরু করে রোগী অব্দি সবাই প্রভাবিত হচ্ছেন। তিনি বলেন আপাতত বৃষ্টির মরশুম চলাকালীন কিভাবে এই রাস্তা চলাচলের উপযোগী রাখা যায় তা নিয়ে অবিলম্বে ভাবতে ও উদ্যোগী হতে হবে জনপ্রতিনিধিদের। এবং এরপর এই রাস্তার আমূল সংস্কারের জন্য এখন থেকেই সরকারি বরাদ্দ নিশ্চিত করা, নির্দেশিত ও প্রযুক্তিগত সমস্ত নিয়মনীতি মেনে যাতে রাস্তার সংস্কার করা হয় তারজন্যে পদক্ষেপ নিতে হবে তাঁদেরই। তিনি বলেন এইনিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছেন। মন্ত্রীদের উচিত নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা ও মত বিনিময় করে এই সংস্কারের পদ্ধতিকে স্বচ্ছ ও জনমুখী করে তোলা। তাতে জনগনের মধ্যে সরকারি প্রক্রিয়া নিয়ে আস্থা এবং গ্রহনযোগ্যতা দুইই বৃদ্ধি পাবে।
বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে এদিন বলেন যে নির্বাচনের আগে শিলচরের প্রস্তাবিত উড়াল সেতুর শিলান্যাস করে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু তারপর নির্বাচনী ডামাডোলে এই ইস্যুটি ধামাচাপা পড়ে আছে। তিনি বলেন শিলচরের যানজট আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। ব্যাস্ত সময়ে ১০ কিঃমিঃ পথ পেরোতে দেড় থেকে দুঘন্টা সময় অপব্যায় হচ্ছে। তাই বরাকের নবনির্বাচিত মন্ত্রী তথা বিধায়কদের অবিলম্বে উড়াল সেতুর কাজ শুরু করার জন্য উদ্যোগী হবার দাবি জানিয়েছেন তিনি।
হৃষীকেশ এদিন আরো বলেন যে পাঁচ গ্রাম কাগজকলের পরিত্যক্ত জমিতে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রস্তাব ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শোনা যাচ্ছে বর্তমানে এই জায়গায় একটি এমএসএমই প্রশিক্ষণ কেন্দ্রের কাজ জমি সংক্রান্ত জটিলতায় আটকে আছে। হৃষীকেশ বলেন শুধু এই প্রশিক্ষণ কেন্দ্র নয়, সমস্ত সুযোগ সুবিধা সহ এই জায়গায় একটি শিল্প ও বানিজ্য কেন্দ্র স্থাপন বরাকের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। কারণ এই ধরনের কেন্দ্রের সহায়তায় উপত্যকায় নতুন বিনিয়োগ হবার সম্ভাবনা তৈরি হতে পারে, শিল্পায়নের সুযোগ তৈরি হতে পারে। তাই কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী তথা স্থানীয় বিধায়ককে এরজন্য অবিলম্বে উদ্যোগী হবার দাবি জানাচ্ছেন তাঁরা।
এছাড়া উপত্যকার উন্নয়নে বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রকল্প যথা গ্রীনফিল্ড বিমানবন্দর, প্রস্তাবিত হাইস্পিড এক্সপ্রেস করিডোর, চন্দ্রনাথপুর লঙ্কা রেললাইন, মাল্টিমডেল লজিস্টিক পার্ক,শিলচর মেডিক্যাল কলেজের পরিকাঠামো তথা ব্যাবস্থাপনার উন্নয়ন এবং আধুনিকিকরণ এসব নিয়ে যথাযথ মঞ্চে চাপ সৃষ্টি করার গুরুদায়িত্ব রয়েছে তাঁদের। বরাকের ভাষা শহিদদের স্বীকৃতি এবং ভাষা শহিদ স্টেশন নামকরণ নিয়েও একজোট হয়ে দাবি জানানো তাঁদের অবশ্যকর্তব্য।
বিডিএফ সদস্যরা বলেন যে দীর্ঘদিনের বঞ্চনার শিকার এই উপত্যকার উন্নয়নে সদর্থক ভূমিকা নেবার সুযোগ রয়েছে নবনির্বাচিত মন্ত্রী এবং বিধায়কদের কাছে। যদি এই সুযোগের প্রকৃত সদ্ব্যবহার তারা করতে পারেন তবে দলমত নির্বিশেষে জনগন তাঁদের মনে রাখবেন, ইতিহাস তাঁদের অবদানকে মনে রাখবে। অন্যথা পুর্ববর্তী আরো অনেক জনপ্রতিনিধিদের মতোই ইতিহাস তাঁদের আস্তাকুঁড়ে ঠাই দেবে। তাই এবার জনগনের বিশ্বাস ও সমর্থনের প্রতিদান দেবার পালা তাঁদের।
বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।
Comments
Post a Comment