বরাকের অরিন্দম কে শুভেচ্ছা জানাতে তার দোরগোড়ায় বি ডি এফ
অরিন্দমের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, বাড়িতে গিয়ে সংবর্ধনা
শিলচর, ২১ জুন :
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষাগুলিতে নজিরবিহীন সাফল্য অর্জনকারী মেধাবী ছাত্র অরিন্দম সী-কে সংবর্ধনা জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। রবিবার ফ্রন্টের প্রধান প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল শিলচরের বাসায় গিয়ে অরিন্দমের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় ও উপস্থিত সদস্যরা মিলে তাঁর হাতে মানপত্র তুলে দেন। উপহার হিসেবে দুটি বই অরিন্দমের হাতে তুলে দেন আরেক আহ্বায়ক হৃষীকেশ দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবারুণ দে চৌধুরী ও দেবায়ন দেব।
সম্প্রতি ঘোষিত ২০২৬ সালের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এর প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান অর্জন করে অরিন্দম সমগ্র উত্তর-পূর্ব ভারতের মধ্যে সর্বোচ্চ স্থানাধিকারী হওয়ার গৌরব অর্জন করেছে। একইসঙ্গে চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট (সিএমআই)-এর বিএস (অনার্স) গণিত ও কম্পিউটার সায়েন্স কোর্সে শতভাগ বৃত্তি সহ ভর্তির সুযোগ লাভ করেছে। অরিন্দমের এই গৌরবোজ্জ্বল সাফল্যের স্বীকৃতিস্বরূপ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এদিন তাকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারকে উল্লেখ করা হয়, গণিতে তার অসাধারণ একাডেমিক কৃতিত্ব এবং অনন্য সাফল্যের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বলা হয়, অরিন্দমের এই অর্জন শুধু বরাক উপত্যকার নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য গর্ব ও সম্মানের বিষয় এবং তার সাফল্য আগামী প্রজন্মকে গণিত ও বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান প্রদীপ দত্তরায় বলেন, ‘দেশের অন্যতম কঠিন দুটি গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আইএসআই ও সিএমআই-এ অরিন্দম যে সাফল্য অর্জন করেছে, তা শুধু বরাক উপত্যকা নয়, সমগ্র অসমের জন্য গর্বের বিষয়।’ তবে একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যে এমন একটি ঐতিহাসিক সাফল্যের পরও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে অরিন্দমকে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি বা সংবর্ধনা দেওয়া হয়নি। বরাক উপত্যকার ১৩ জন বিধায়কের মধ্যে দুজন মন্ত্রী রয়েছেন, পাশাপাশি রয়েছেন তিনজন সাংসদ। কিন্তু তাঁদের কেউই এখনও পর্যন্ত অরিন্দমের খোঁজ নেননি বা এই অসাধারণ অর্জনকে যথাযথ গুরুত্ব দেননি। রাজ্য সরকারের তরফ থেকেও কোনও উদ্যোগ চোখে পড়েনি।’
প্রদীপ দত্তরায় আরও বলেন, ‘যে ছাত্র আইএসআই-এ সর্বভারতীয় ষষ্ঠ স্থান অধিকার করে উত্তর-পূর্ব ভারতকে গর্বিত করেছে এবং সিএমআই-এর মতো প্রতিষ্ঠানে শতভাগ বৃত্তি সহ ভর্তির সুযোগ পেয়েছে, তাকে সম্মানিত করা সরকারের নৈতিক দায়িত্ব। আমরা স্থানীয় জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক এবং রাজ্য সরকারের কাছে জোরালোভাবে আবেদন জানাচ্ছি, অরিন্দমের এই অনন্য কৃতিত্বকে যথাযথ মর্যাদা দেওয়া হোক এবং সরকারি স্তরে তাকে সংবর্ধিত করা হোক। এতে শুধু অরিন্দম নয়, ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী ছাত্রছাত্রীরাও উৎসাহিত হবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা পাবে।’
এদিন প্রতিনিধিদলের সদস্যরা অরিন্দমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জনের আশা ব্যক্ত করেন। অরিন্দমও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং শুভানুধ্যায়ীদের আশীর্বাদই তাকে এই সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। এদিন বিডিএফের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন-
উল্লেখ্য, কাছাড় জেলার উধারবন্দের বাসিন্দা অরিন্দম সী ইতিমধ্যেই চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটে গণিত ও কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তার এই অসাধারণ সাফল্যকে কেন্দ্র করে বরাক উপত্যকার শিক্ষামহল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। ###
Comments
Post a Comment